মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি: শীতের স্বাদ আর নানা দেশের ঐতিহ্যবাহী খাবারের মিলনমেলা বসেছিল ইতালির স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মডার্ন ইন্টারন্যাশনাল স্কুল রোমে। বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত হয় শীতকালীন খাবারের উৎসব।
উৎসবে অংশ নেয় বিভিন্ন দেশের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। নিজ নিজ দেশের জনপ্রিয় শীতকালীন খাবার প্রদর্শন ও পরিবেশনের মাধ্যমে শিক্ষার্থীরা তুলে ধরে তাদের সংস্কৃতি ও ঐতিহ্য।
এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক বিনিময়, পারস্পরিক সৌহার্দ্য এবং বহুজাতিক মূল্যবোধ গড়ে তোলাই ছিল মূল উদ্দেশ্য জানান স্কুল কর্তৃপক্ষ।
মর্ডান ইন্টারন্যাশনাল স্কুল রোম এর চেয়ারম্যান রুহুল আমিনের সার্বিক তত্ত্বাবধায়নে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফোরাম রোম সভাপতি মো: নিজাম উদ্দিন, এছাড়াও আরও উপস্থিত ছিলেন স্কুলের ম্যানেজিং ডাইরেক্টর শরীফ উদ্দিন সুজন, ডিরেক্টর কারী মো: ইব্রাহিম আলী, এডমিনিস্ট্রেশন মো: জাহিদুল আলম ও আমজাদ হোসেন সহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
রঙিন সাজসজ্জা, খাবারের স্টল আর শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে উৎসবটি হয়ে ওঠে আনন্দঘন ও উৎসবমুখর। সব মিলিয়ে শিক্ষা ও সংস্কৃতির মেলবন্ধনে শীতকালীন খাবারের এই উৎসব স্কুলে তৈরি করেছে এক অনন্য পরিবেশ বললেন প্রধান অতিথি।
এই উৎসবে অংশগ্রহণকারী অভিবাবকরা মনে রেখে গেছে দারুণ স্মৃতি। তারা বলেন “আমরা খুবই আনন্দিত। শিক্ষার্থীরা আজ তাদের নিজ নিজ দেশের খাবার ও সংস্কৃতি তুলে ধরছে। এই ধরনের আয়োজন শিক্ষার পাশাপাশি উদ্যোগতা সহ মানবিক ও সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে সাহায্য করে।”
এসময় স্কুলের শিক্ষার্থীরা তাদের রকমারি খাবারের সাথে পরিচিত করে দেন এবং প্রবাসেও বাংলা সংস্কৃতি লালন ও ধারণ করে বিদেশিদের মাঝে ছড়িয়ে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
আমন্ত্রিত দর্শনার্থীদের সাড়া খুবই ইতিবাচক। অভিভাবক ও অতিথিরা এই আয়োজনকে প্রশংসা করছেন। এবং এরকম আয়োজন প্রতিবছর অব্যহত রাখার আহ্বান জানান।
