মাগুরা প্রতিনিধি।।
মাগুরা সীতারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাগুরা পৌরসভার ৩ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ৩টায় এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, বিএনপি একটি পরীক্ষিত ও গণমানুষের দল। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া এই দল সবসময় দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচারের পক্ষে সংগ্রাম করে এসেছে। বিএনপি ক্ষমতায় থাকাকালে দেশের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে ব্যাপক অগ্রগতি হয়েছে বলে বক্তারা উল্লেখ করেন।
বক্তারা আরও বলেন, দেশের বর্তমান সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণে বিএনপির কোনো বিকল্প নেই। জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। আগামী ১২ই ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দিয়ে মাগুরা-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খানকে বিজয়ী করার আহ্বান জানান তারা।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে মাগুরা-১ আসনের বিএনপির মাননীয় এমপি প্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খানের পক্ষে বক্তব্য তুলে ধরা হয়। সভায় সার্বিক সহযোগিতায় ছিলেন মাগুরা জেলা বিএনপির সদস্য নাজমুল হাসান লিটন এবং মহিলা দলের নেত্রী সাবিনা ইয়াসমিন মেরী।
এসময় আরও উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আলী আহমেদ, বিএনপি নেতা সুজা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিনুর রহমান খান পিকুল, যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রহিমসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
সভা শেষে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
