এএইচএম ইলিয়াস আহম্মেদ চৌধুরী: প্রধান প্রতিবেদক।
ঢাকা, বৃহস্পতিবার: দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার করতে মালয়েশিয়া থেকে আমদানি করা ৫১ হাজার মেট্রিক টন পরিশোধিত জ্বালানি তেল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দর-এর বহির্নোঙরে এসে পৌঁছেছে।
জ্বালানি তেলের এই চালান এনেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। মোট চালানের মধ্যে রয়েছে ২৬ হাজার মেট্রিক টন অকটেন এবং ২৫ হাজার মেট্রিক টন ফার্নেস অয়েল। অকটেনবাহী জাহাজ MT Central Star এবং ফার্নেস অয়েলবাহী MT Eastern Queens ইতোমধ্যে বন্দরের বহির্নোঙরে অবস্থান করছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এই আমদানি কার্যক্রম অব্যাহত রেখেছে বিপিসি। এই চালান দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ফার্নেস অয়েল বিদ্যুৎ উৎপাদন ও শিল্প খাতে ব্যবহার করা হবে, আর অকটেন সরবরাহ করা হবে পরিবহন খাতে। এতে সার্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্থিতিশীলতা বজায় থাকবে বলে আশা করা হচ্ছে।
বিপিসি ও জ্বালানি বিভাগ জানিয়েছে, নিয়মিত আমদানি কার্যক্রম চলমান থাকায় চলতি এপ্রিল মাসে দেশে জ্বালানির কোনো সংকট হবে না।
