মো. মেহেদী হাসান, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
হাম ও রুবেলার প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে নওগাঁর আত্রাইয়ে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. আলাউল ইসলাম। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ খায়রুল আলমের সভাপতিত্বে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ক্যাম্পেইনের আওতায় উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে হাম-রুবেলার টিকা প্রদান করা হবে। সংশ্লিষ্টরা জানান, শিশুদের মারাত্মক সংক্রামক রোগ থেকে সুরক্ষিত রাখতে এই কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, মো. শাহরিয়ার কবিরসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় সাংবাদিকরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. আলাউল ইসলাম বলেন, ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী হামে আক্রান্তদের মধ্যে ৮২ শতাংশই পাঁচ বছরের কম বয়সী শিশু। এ কারণে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে বর্তমানে অসুস্থ শিশুদের সুস্থ হওয়ার পর টিকা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, “অসুস্থ শিশু ছাড়া নির্ধারিত বয়সসীমার সব শিশুকে টিকা দিতে অভিভাবকদের এগিয়ে আসতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্মকে এই ঝুঁকি থেকে সুরক্ষিত রাখা যায়।”
