নিজস্ব সংবাদদাতা, গোয়াইনঘাট,
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকায় অবৈধ বালু উত্তোলন বন্ধে টাস্কফোর্সের অভিযানে ৯ জনকে আটক করা হয়েছে। অভিযানে প্রায় ৫৫ হাজার ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়।
রবিবার (২২ ফেব্রুয়ারি)
সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার জাফলং বাজারঘাট, জুমপাড় ও বল্লাঘাটসহ আশপাশের এলাকায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত প্রায় ৮০ থেকে ৯০টি বারকি নৌকা এবং ১৫টি ইঞ্জিনচালিত নৌকা বিনষ্ট করা হয়।
উল্লেখ্য, জাফলং ও এর পার্শ্ববর্তী নদী ও পাহাড়ঘেরা এলাকাটি পরিবেশগতভাবে অত্যন্ত সংবেদনশীল অঞ্চল হিসেবে সরকার ঘোষিত পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ)-এর অন্তর্ভুক্ত।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক। এ সময় থানা পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যাও উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক বলেন, এখানে অবৈধভাবে বালু উত্তোলনের রোধে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিত চলবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না।
