প্রতিনিধি, মাগুরা।।
ফুলের মালা, স্লোগান আর উচ্ছ্বাসে মুখরিত পরিবেশে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ও মাগুরা–২ আসনের সংসদ সদস্য নিতাই রায় চৌধুরীকে বরণ করে নিলেন মাগুরাবাসী। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ওয়াবদা গড়াই সেতু সংলগ্ন এলাকায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান।
একই সময়ে মাগুরা–১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান-কেও ফুল দিয়ে স্বাগত জানান নেতাকর্মীরা। পরে মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে তারা পৌঁছান মাগুরা সার্কিট হাউজ প্রাঙ্গণে।
সেখানে জেলা প্রশাসন ও পুলিশ বাহিনীর পক্ষ থেকে মন্ত্রীকে রাষ্ট্রীয় মর্যাদায় সালাম জানানো হয়। এরপর হল রুমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জেলা শাখার উদ্যোগে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়। পর্যায়ক্রমে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও শুভেচ্ছা জানান। উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ, যুগ্ম আহ্বায়ক ও পৌর বিএনপির আহ্বায়ক মাসুদ হাসান খান কিজিলসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতারা।
সংক্ষিপ্ত বক্তব্যে মন্ত্রী বলেন, সমাজ থেকে চাঁদাবাজি, দুর্নীতি, ডাকাতি ও মাদক পাচার নির্মূলে সরকার কঠোর অবস্থানে রয়েছে।
দুর্নীতিবাজ, চাঁদাবাজ আর সন্ত্রাসীদের জন্য এ দেশে কোনো জায়গা হবে না—আইনের হাত থেকে কেউ রেহাই পাবে না।”
“যারা উন্নয়নের পথে বাধা দেবে, জনগণই তাদের জবাব দেবে।”
“সংস্কৃতি ধ্বংস করে যারা সমাজকে অন্ধকারে ঠেলে দিতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবেই।”
“মাগুরার মাটিতে অন্যায় করলে কাউকে ছাড় দেওয়া হবে না—আইন তার নিজস্ব গতিতেই চলবে।”
“জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে ক্ষমা নেই—সরকার জনগণের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে।”
তিনি মাগুরার উন্নয়ন ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন।
তিনি আরও জানান, বাঙালি সংস্কৃতির মৌলিক ধারা পুনরুজ্জীবিত করতে সরকার কাজ করছে এবং বাংলাদেশ জুড়ে সংস্কৃতি অঙ্গনে অবদান রাখা ব্যক্তিদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা হবে।
