১৩
মোঃ মনিরুজ্জামান, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ একটি চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছুরি, চাপাতি ও লোহার রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান আলী বাদী হয়ে ২৫ মার্চ ২০২৬ তারিখে একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার বিশ্বাসপাড়া এলাকার মৃত শফির সরদারের ছেলে স্বাধীন (২৬) ও তার ভাই শাহাদত হোসেন (২৩), একই এলাকার মৃত ইব্রাহীমের ছেলে শাকিল (২৫) এবং হাবিবপুর এলাকার আকাশ (২৭)।
অভিযোগ অনুযায়ী, ২৫ মার্চ দিবাগত রাত আনুমানিক ১২টা ২৫ মিনিটে কালিয়াকৈর থানাধীন একটি ওয়াল্টন কারখানার পাশের নির্জন স্থানে তারা সংঘবদ্ধভাবে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তাদের আটক করে।
অভিযানকালে তাদের কাছ থেকে লোহার তৈরি ছুরি, চাপাতি ও রডসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা একটি সক্রিয় ডাকাত ও ছিনতাইকারী চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
অভিযানে নেতৃত্ব দেন কালিয়াকৈর থানার এসআই জাহাঙ্গীর আলম, রেজাউল করিম, ইউসুফ ও হারুন অর রশিদ।
পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। এছাড়া, পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার নাছির উদ্দিন বলেন, “অপরাধ দমনে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।”
×
বিস্তারিত কমেন্টে…
