নিজস্ব প্রতিবেদক:
দেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে ‘মব’ শব্দটি এখন বহুল আলোচিত। প্রকাশ্য সহিংসতার পাশাপাশি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের অভ্যন্তরেও গড়ে উঠছে প্রভাবশালী সিন্ডিকেট—এমন অভিযোগ ক্রমেই সামনে আসছে।
সরকারি সেবাপ্রতিষ্ঠান বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)-এর পূর্ত নির্মাণ বিভাগ-২-এ কর্মরত নির্বাহী প্রকৌশলী মো. ইকরাম উদ্দিন সানিকে ঘিরে উঠেছে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একই পদে থেকে তিনি একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছেন, যার মাধ্যমে বিভাগের বিভিন্ন কার্যক্রম নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, প্রতিদিন বিকেল ৫টার পর তার কার্যালয়ে বসে সিন্ডিকেটের বৈঠক, যেখানে নানা সিদ্ধান্ত নেওয়া হয়। অফিস চলাকালীন সময়ে তাকে অনেক সময় অনুপস্থিত পাওয়া যায় বলেও দাবি করেছেন সংশ্লিষ্টরা।
এছাড়া তার কার্যালয়ের দরজায় “কর্মকর্তা ব্যতীত প্রবেশ নিষেধ” লেখা থাকাও সমালোচনার জন্ম দিয়েছে। একজন সরকারি কর্মকর্তার ক্ষেত্রে এমন নির্দেশনা কতটা যৌক্তিক—তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই।
সংশ্লিষ্টরা জানান, কাজী জুয়েল নামে এক ব্যক্তি তাকে বিভিন্ন কাজে সহযোগিতা করে থাকেন। অভিযোগ রয়েছে, তার সঙ্গে যুক্ত একটি প্রভাবশালী চক্র বিভাগটির বিভিন্ন কার্যক্রমে প্রভাব বিস্তার করছে। একইসঙ্গে টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগও উঠেছে। আরও জানা গেছে, এই সিন্ডিকেটের সঙ্গে বিভাগের উচ্চপর্যায়ের এক কর্মকর্তার সংশ্লিষ্টতার কথাও শোনা যাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, “দ্রুত এই সিন্ডিকেট ভেঙে না দিলে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত হতে পারে।”
তিনি আরও জানান, অভিযোগগুলোর সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি।
