ভােরের বাংলাদেশ”
মার্চে সংসদের প্রথম অধিবেশন: স্বরাষ্ট্রমন্ত্রী
আগামী মাস অর্থাৎ মার্চে বসতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন।
১২ মার্চ বা এর দুই একদিন আগে অধিবেশন বসতে পারে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এ তথ্য জানান।
ওই পোস্টে তিনি লেখেন, “জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে।”
ত্রয়োদশ সংসদের এ অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হবে। এতে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের অধ্যাদেশসমূহ এবং শোক প্রস্তাব উপস্থাপন করা হবে।
সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে রাষ্ট্রপতিকে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করতে হয়। তিনি প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী তা করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয় ১২ ফেব্রুয়ারি। নির্বাচনের এক দিন পরেই বিজয়ী প্রার্থীদের গেজেট প্রকাশ করা হয়। সে হিসাবে ১৪ মার্চের মধ্যে সংসদের প্রথম অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে।
নতুন সংসদ সদস্যরা শপথ নেন ১৭ ফেব্রুয়ারি। ইতিমধ্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সংসদ নেতা নির্বাচিত হয়েছেন। তাঁকে প্রধানমন্ত্রী করে বিএনপির নতুন সরকার এরই মধ্যে কাজ শুরু করেছে।
