ভোরের বাংলাদেশ প্রতিবেদক:
জনপ্রশাসন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) অনুবিভাগের নতুন অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন আকনুর রহমান। রোববার (২৯ মার্চ) জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এই পদে নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।
সিভিল প্রশাসনে নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধরা হয়। বিসিএস ক্যাডার কর্মকর্তাদের নিয়োগ, পদায়ন, প্রেষণ ও পদোন্নতি–সংক্রান্ত নীতিগত ও কারিগরি কাজ এখান থেকেই সম্পাদিত হয়। প্রায় ছয় মাস ধরে এপিডি অনুবিভাগের অতিরিক্ত সচিবের পদটি শূন্য ছিল। আকনুর রহমান দায়িত্ব নেওয়ায় অনুবিভাগের কার্যক্রমে নতুন গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নতুন অতিরিক্ত সচিব আকনুর রহমানের গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার মটরা গ্রামে। দায়িত্ব গ্রহণের পর তিনি প্রশাসনিক কাজের গতি, মানবসম্পদ ব্যবস্থাপনা এবং সেবা প্রদানের মানোন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
