মো নাজিম আলী রাঙ্গামাটি
রাঙামাটির বরকল উপজেলায় নিজের বিরুদ্ধে দায়ের করা মামলাকে ষড়যন্ত্রমূলক, মিথ্যা ও মানহানিকর দাবি করে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরকল উপজেলা শাখার সেক্রেটারি মোঃ রবিউল ইসলাম।
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ সকাল ১১টায় রাঙ্গামাটি শহরের ইসলামীক সেন্টার পাঠাগারে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন। এসময় সংগঠনের স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে রবিউল ইসলাম বলেন, গত ২৩ এপ্রিল সন্ধ্যা ৭টা ১৭ মিনিটে একটি বেসরকারি টেলিভিশনসহ কয়েকটি অনলাইন গণমাধ্যমে জামায়াত নেতার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সেখানে তার ছবি সংবলিত ফটোকার্ড ব্যবহার করে তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে ধরা হয়, যা তিনি সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।
তিনি অভিযোগ করেন, ছোট হরিনার ব্যবসায়ী মোজাম্মেল হক তার নামে এবং এক সাংবাদিকের বিরুদ্ধে বিভাগীয় সাইবার আদালতে মামলা দায়ের করেছেন, যা প্রকৃতপক্ষে চাঁদাবাজির মামলা নয় বরং তাকে সামাজিকভাবে হেয় করার জন্য করা হয়েছে। তিনি আরও দাবি করেন, মামলাটি তথ্য বিকৃত করে উপস্থাপন করা হয়েছে এবং এতে কিছু গণমাধ্যমকর্মীরও সহযোগিতা রয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।
রবিউল ইসলাম বলেন, সংশ্লিষ্ট সংবাদে উল্লেখ করা হয়েছে যে, সাংবাদিক তার সঙ্গে যোগাযোগ করতে পারেননি যা তিনি সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন। তার ভাষ্য অনুযায়ী,তিনি বলেন আর টিভির রাঙ্গামাটি জেলা প্রতিনিধি সাংবাদিক মো ইয়াছিন রানা সোহেল সঙ্গে তার হোয়াটসঅ্যাপে কথা হয়েছে এবং তিনি নিজের বক্তব্যও তুলে ধরেছেন, কিন্তু তা সংবাদে প্রকাশ করা হয়নি।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, মামলায় তাকে এবং অপর আসামিকে বাদীর একই এলাকার বাসিন্দা হিসেবে উল্লেখ করা হয়েছে, যা তার দাবি অনুযায়ী ভুল তথ্য। তিনি বলেন, বাদীর জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার স্থায়ী ঠিকানা চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতকানিয়ায়।
রবিউল ইসলাম দাবি করেন, অতীতে তিনি ওই ব্যবসায়ীর সঙ্গে ব্যবসায়িক সম্পর্কের মধ্যে ছিলেন। পরবর্তীতে ব্যবসা নিয়ে বিরোধের জেরে তাকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হয় এবং তিনি প্রায় আড়াই বছর আগে ব্যবসা থেকে সরে আসেন। তিনি অভিযোগ করেন, এরপর থেকেই তার বিরুদ্ধে অপপ্রচার ও হয়রানিমূলক কর্মকাণ্ড শুরু হয়।
এছাড়া তিনি দাবি করেন, এলাকায় অবৈধ চোরাচালান ও মাদকবিরোধী কার্যক্রম নিয়ে সোচ্চার হওয়ায় একটি প্রভাবশালী মহল তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং এর জের ধরে তাকে ফাঁসানোর চেষ্টা চলছে।
সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করা হোক এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। পাশাপাশি তিনি গণমাধ্যমকর্মীদের কাছে যাচাই-বাছাই করে সংবাদ প্রকাশের অনুরোধ জানান।
