মোহাম্মদ সামান উদ্দীন কালিয়াকৈর গাজীপুর।
আজ সকাল থেকেই নিউ মার্কেট প্রাঙ্গণে ক্রেতা, দর্শনার্থী ও ব্যবসায়ীদের ভিড় লক্ষ্য করা যায়। নিউ মার্কেট দোকান মালিক সমিতির উদ্যোগে মার্কেটের সামনেই এ বর্ণাঢ্য আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মার্কেটের চোরম্যান আলহাজ্ব মোহাম্মদ জলিল উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য মজিবুর রহমান। এসময় তিনি বক্তব্যে বলেন, এ ধরনের আয়োজন ব্যবসা-বাণিজ্যে নতুন গতি সঞ্চার করে এবং ক্রেতা-বিক্রেতার মধ্যে সুসম্পর্ক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের পরিচালক মোঃ সাইদুর রহমান সোহাগ এবং কালিয়াকৈর নিউ মার্কেটের পরিচালক মোঃ সজিবুর রহমান সৈকত। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
র্যাফেল ড্রকে কেন্দ্র করে উপস্থিত সবার মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। লটারির ফলাফল ঘোষণার সময় দর্শনার্থীদের মধ্যে উচ্ছ্বাস ও আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। আকর্ষণীয় পুরস্কারের মধ্যে প্রথম পুরস্কার হিসেবে একটি মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার ফ্রিজ এবং তৃতীয় পুরস্কার হিসেবে একটি এলইডি টেলিভিশন প্রদান করা হয়। এছাড়াও প্রায় ৫০টিরও বেশি বিভিন্ন ক্যাটাগরির পুরস্কার বিজয়ীদের মধ্যে বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, ক্রেতাদের আকৃষ্ট করা, বাজারের ব্যবসা-বাণিজ্যে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনা এবং ব্যবসায়ীদের সঙ্গে ক্রেতাদের সম্পর্ক আরও সুদৃঢ় করাই এ আয়োজনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
অংশগ্রহণকারীরাও এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের অনুষ্ঠান বাজারের প্রতি মানুষের আগ্রহ বাড়ায় এবং কেনাকাটাকে আনন্দমুখর করে তোলে।
