মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি: ইতালিতে বসবাসরত আফগান কমিউনিটির প্রবাসীদের নিয়ে আফগানিস্তান সমিতি ইতালি আফগানিস্তানে চলমান বোমা হামলার তীব্র নিন্দা জানিয়ে রাজধানী রোমে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে। সমিতির অভিযোগ, পাকিস্তানের পরিচালিত এই হামলাগুলো আন্তর্জাতিক আইন, আফগানিস্তানের সার্বভৌমত্ব এবং মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। সমিতির পক্ষ থেকে জানানো হয়, ২০২৬ সালের মার্চ মাসজুড়ে হামলার মাত্রা আশঙ্কাজনকভাবে […]
মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি: ইতালিতে বসবাসরত আফগান কমিউনিটির প্রবাসীদের নিয়ে আফগানিস্তান সমিতি ইতালি আফগানিস্তানে চলমান বোমা হামলার তীব্র নিন্দা জানিয়ে রাজধানী রোমে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে। সমিতির অভিযোগ, পাকিস্তানের পরিচালিত এই হামলাগুলো আন্তর্জাতিক আইন, আফগানিস্তানের সার্বভৌমত্ব এবং মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।
সমিতির পক্ষ থেকে জানানো হয়, ২০২৬ সালের মার্চ মাসজুড়ে হামলার মাত্রা আশঙ্কাজনকভাবে বেড়েছে এবং নির্বিচারে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা হচ্ছে। এতে নারী, শিশু এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
সম্প্রতি একটি মাদকাসক্তদের পুনর্বাসন কেন্দ্রে বিমান হামলায় ৪০০-র বেশি মানুষ নিহত এবং ২০০-র বেশি আহত হওয়ার ঘটনাকে বিশেষভাবে উদ্বেগজনক বলে উল্লেখ করেছে সংগঠনটি। তাদের মতে, এ ধরনের হামলা মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে এবং এ বিষয়ে অবিলম্বে একটি স্বাধীন আন্তর্জাতিক তদন্ত জরুরি।
আফগান জনগণ গত চার দশকেরও বেশি সময় ধরে যুদ্ধ, সহিংসতা এবং অস্থিতিশীলতার মধ্যে বসবাস করছে উল্লেখ করে সমিতি জানায়, আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা আর গ্রহণযোগ্য নয়। এমন পরিস্থিতিতে নীরব থাকা নৈতিকভাবে সহযোগিতার শামিল বলে তারা মনে করে।
এই প্রেক্ষাপটে সংগঠনের আয়োজনে রাজধানী রোমের প্রধান সড়ক Piazza della Repubblica-ত বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে ভুক্তভোগীদের প্রতি সংহতি প্রকাশ এবং হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। সমাবেশে বক্তারা অবিলম্বে হামলা বন্ধ এবং দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানান।
এ সময় সংগঠনের নেতারা বলেন, “এত বড় একটি ট্র্যাজেডির সামনে আমরা নীরব থাকতে পারি না। নিরস্ত্র বেসামরিক মানুষ ও দুর্বল জনগোষ্ঠীকে লক্ষ্যবস্তু করা মানবতা ও ন্যায়বিচারের বিরুদ্ধে। আমরা ভুক্তভোগীদের জন্য ন্যায়বিচার চাই এবং অপরাধীদের জবাবদিহির আওতায় আনতে হবে।”
আফগান সমিতি ইতালীয় ও ইউরোপীয় প্রতিষ্ঠানগুলোর কাছে এ বিষয়ে সুস্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার প্রতি স্বাধীন তদন্ত শুরু এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে।
বিক্ষোভকারীরা আন্তর্জাতিক সম্প্রদায়কে এই মানবিক বিপর্যয়ের বিষয়ে নীরব না থাকার আহ্বান জানিয়ে বলেন, বেসামরিক নাগরিকদের ওপর সব ধরনের হামলা অবিলম্বে বন্ধ করতে হবে এবং আন্তর্জাতিক আইন কঠোরভাবে প্রয়োগ নিশ্চিত করতে হবে।