ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
খন্দকার মাসুদ রানা ভূঞাপুর প্রতিনিধি (টাঙ্গাইল) পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের সচেতনতা বাড়াতে টাঙ্গাইলের ভূঞাপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে এসব চারা বিতরণ করা হয়। মোট ১শ ৬২ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে ৯টি করে মোট ১ হাজার ৪শ ৫৮ টি গাছের চারা বিতরণ করা হয়। চারাগুলোর মধ্যে ছিল- আম, হরতকি, মেহগনি ও অর্জুন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহবুব হাসান জানান- একটি গাছ শুধু পরিবেশ রক্ষা করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণের আগ্রহ সৃষ্টি করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। তাদের মধ্যে গাছের প্রতি ভালোবাসা তৈরি করতে এ ধরনের কার্যক্রম অব্যহত থাকবে বলেও জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, সহ সভাপতি ফরহাদুল ইসলাম শাপলা, হাবিবুর রহমান তরফদার ভুট্টু, প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক কামাল হোসেন, যুবদলের আহবায়ক খন্দকার জুলহাস আলম, যুগ্ন আহবায়ক রাজিব হোসেন কফিল’সহ সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।