ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
রাঙামাটি প্রতিনিধি :: মো. নাজিম আলী
রাঙামাটিতে এসোসিয়েশন অব হিল ইয়ুথ ট্যুরিস্ট গাইড-এর ২০২৬-২০২৭ অর্থবছরের নবগঠিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা এবং জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহজাহানের পিআরএল (PRL) জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ জুন ২০২৬) রাঙামাটি যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে নবগঠিত কমিটির সদস্যদের আনুষ্ঠানিক পরিচিতি প্রদান করা হয়। একই সঙ্গে যুব উন্নয়ন ও পর্যটন খাতে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ উপ-পরিচালক মো. শাহজাহানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া সংগঠনের প্রতিষ্ঠাতা যুগ্ম সাধারণ সম্পাদক মরহুম জসিম উদ্দিনকে মরণোত্তর সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের প্রচার ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক এস. এম. জাহাঙ্গীর আলম বলেন, রাঙামাটির পাহাড়, হ্রদ ও বৈচিত্র্যময় সংস্কৃতি দেশের অন্যতম পর্যটন সম্ভাবনাময় সম্পদ। এই সম্ভাবনাকে কাজে লাগাতে আধুনিক অবকাঠামো উন্নয়ন, পর্যটকদের নিরাপত্তা, মানসম্মত আবাসন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং কার্যকর প্রচার-প্রচারণার ওপর গুরুত্ব দিতে হবে। সরকার, প্রশাসন, পর্যটন ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগে রাঙামাটিকে আন্তর্জাতিক মানের পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলা সম্ভব।
সংগঠনের সভাপতি মো. সোহেল রানা বলেন, রাঙামাটির পর্যটন শিল্পের বিকাশ, দক্ষ ট্যুরিস্ট গাইড তৈরি এবং পার্বত্য অঞ্চলের পর্যটনের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে এসোসিয়েশন অব হিল ইয়ুথ ট্যুরিস্ট গাইড কাজ করে যাচ্ছে। নতুন কমিটি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং সদস্যদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করবে।
নতুন সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম দায়িত্ব গ্রহণ করে বলেন, রাঙামাটির পর্যটন খাতের উন্নয়ন, পর্যটকদের নিরাপদ ও মানসম্মত সেবা নিশ্চিতকরণ এবং দক্ষ ট্যুরিস্ট গাইড তৈরিতে সংগঠনটি আরও কার্যকর ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. শহীদুজ্জামান (রাকিব) নবগঠিত কমিটির অনুমোদন প্রদান করেন। তিনি আশা প্রকাশ করেন, নতুন কমিটি রাঙামাটির পর্যটন শিল্পের বিকাশ, পর্যটকদের সেবার মানোন্নয়ন, প্রশিক্ষিত ট্যুরিস্ট গাইড তৈরি এবং জেলার পর্যটন সম্ভাবনাকে দেশ-বিদেশে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
২০২৬-২০২৭ অর্থবছরের অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সোহেল রানা, সিনিয়র সহ-সভাপতি মো. মিজানুল ইসলাম রুবেল, সহ-সভাপতি মো. ইকবাল হোসেন, আহমেদ ইসতিয়াক আজাদ, মাসুম কবির, কাব্য দত্ত ও মো. বাশার আজম। সাধারণ সম্পাদক হয়েছেন মো. তাজুল ইসলাম এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহীদুজ্জামান (রাকিব)।
এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক, প্রচার ও গণমাধ্যম সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।