ভােরের বাংলাদেশ”
সম্প্রতি কূটনৈতিক উত্তেজনা ও নিরাপত্তা উদ্বেগের কারণে স্থগিত থাকা ভিসা কার্যক্রম পুনরায় চালু করেছে বাংলাদেশ হাই কমিশন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ইন্ডিয়া টুডে জানিয়েছে, ভারতীয় নাগরিকদের জন্য বাংলাদেশি ভিসা প্রদানের কার্যক্রম শুরু হয়েছে। বিএনপি নেতৃত্বাধীন সরকারের দায়িত্ব নেওয়ার তিন দিনের মধ্যেই দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এ অগ্রগতি লক্ষ্য করা গেল।
বাংলাদেশ হাই কমিশনের বরাতে ইন্ডিয়া টুডে জানিয়েছে, শুক্রবার সকাল থেকে ভারতীয়দের জন্য সব ধরনের ভিসা সেবা শুরু হয়েছে। এর আগে ভারতের পক্ষ থেকে বলা হয়েছিল, তারা শিগগিরই বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা কার্যক্রম পুনরায় চালু করবে।
গত ডিসেম্বরে ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদির মৃত্যু ঘিরে দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্কের অবনতির কারণে দুই দেশই ভিসা কার্যক্রম স্থগিত করেছিল। হাদির মৃত্যুর রাতে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশন কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করা হয় এবং কমিশনে ঢিল ছোড়া হয়। এ ঘটনার পর চট্টগ্রামে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভ্যাক) কার্যক্রম ২১ ডিসেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখা হয়।
পাল্টা পদক্ষেপ হিসেবে পরের দিন দিল্লি ও আগরতলা মিশন থেকে ভিসা ও কনস্যুলার সেবা স্থগিত রাখার ঘোষণা দেয় বাংলাদেশ।
আরও পড়ুন
মাতৃভাষা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
নির্বাচনের পর দুই দেশের কূটনৈতিক সম্পর্ক উন্নতির দিকে ধাবিত হয়। ত্রয়োদশ সংসদ নির্বাচনের পূর্ণাঙ্গ ফল ঘোষণার আগে, ১৩ ফেব্রুয়ারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানান। পরে পূর্ণাঙ্গ ফল ঘোষণার দিন বিকেলে মোদি টেলিফোনে তারেক রহমানের সঙ্গে যোগাযোগ করেন এবং অভিনন্দন জানানোর পাশাপাশি তার কাজে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দেন।
নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ঢাকার পক্ষ থেকে মোদিকে আমন্ত্রণ জানানো হলেও, ‘এআই ইমপ্যাক্ট সামিট’-এর কারণে তিনি আসতে পারেননি। তবে মোদির পরিবর্তে অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করেছেন দেশটির লোকসভার স্পিকার ওম বিড়লা।
এছাড়া, গত বৃহস্পতিবার সিলেটের ভারতীয় সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস জানিয়েছেন, সব ধরনের ভারতীয় ভিসা প্রক্রিয়া শিগগিরই স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে।
