ভােরের বাংলাদেশ”
কাতারের আল উদেইদ ও বাহরাইনের একটি ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের। দীর্ঘদিন ধরে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা চলমান। ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই কাতারের আল উদেইদ ও বাহরাইনের একটি ঘাঁটি থেকে কয়েকশ মার্কিন সেনা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) স্থানীয় সময় পেন্টাগনের সূত্রের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদন জানায়, ইরানের ওপর সম্ভাব্য মার্কিন হামলার জেরে মার্কিন ঘাঁটিতে তেহরানের পাল্টা হামলার আশঙ্কায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সেনা প্রত্যাহার করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, কাতারের আল উদেইদ থেকে কয়েকশ সেনা সরিয়ে নেয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি এটি। এখানে প্রায় ১০ হাজার সেনা রয়েছে। এছাড়া বাহরাইন থেকেও সেনা প্রত্যাহার করা হয়েছে। সেখানে মার্কিন বাহিনীর পঞ্চম নৌবহরের দফতর রয়েছে বলেও জানানো হয়।
এছাড়াও, ইরাক, সিরিয়া, কুয়েত, সৌদি আরব, জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ঘাঁটি রয়েছে।
ইরান ও আশপাশের অঞ্চলের দায়িত্বে নিয়োজিত মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেনা প্রত্যাহারের বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। অন্যদিকে, সামরিক আগ্রাসনের শিকার হলে মধ্যপ্রাচ্যে থাকা শত্রুদের ঘাঁটি ও অবকাঠামো লক্ষ্যবস্তু করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান।
এদিকে, পরমাণু চুক্তি করতে ইরানকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় বেঁধে দেওয়ার পর স্থানীয় সময় বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরসকে লেখা চিঠিতে এ পাল্টা হুমকি দেয় তেহরান।
