ভােরের বাংলাদেশ”
আবুল কালাম আজাদ ও শিবলী নোমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আবুল কালাম আজাদের ও পুলিশের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার এসএম শিবলী নোমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ দুদকের পৃথক আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকায় আবুল কালাম আজাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের সহকারী পরিচালক নাছরুল্লাহ হোসাইন।
আবেদনে বলা হয়, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আবুল কালাম আজাদের বিরুদ্ধে অনুসন্ধান কার্যক্রম চলছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। অনুসন্ধান কার্যক্রমের সুষ্ঠু সম্পাদনের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন।
এদিকে, স্বর্ণ চোরাচালান, ক্যাসিনো ব্যবসাসহ দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগে শিবলী নোমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপসহকারী পরিচালক রুবেল হোসেন।
আবেদনে বলা হয়, স্বর্ণ চোরাচালান, ক্যাসিনো ব্যবসাসহ দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগে শিবলী নোমানের বিরুদ্ধে অনুসন্ধান চলমান। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তিনি এখনও দেশে অবস্থান করছেন। দেশত্যাগ করে অন্য দেশে যাওয়ার চেষ্টা করছেন তিনি। অনুসন্ধান কার্যক্রমের সুষ্ঠু পরিচালনার জন্য তার বিদেশ গমন রহিত করা আবশ্যক
