ভােরের বাংলাদেশ”
ভারতীয় নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার হুমকির মুখে সোমবার এমন নির্দেশনা দেওয়া হয়েছে।
তেহরানে ভারতীয় দূতাবাস সামাজিক যোগাযোগের মাধ্যমে লিখেছে, ‘চলমান পরিস্থিতি বিবেচনায় ইরানে অবস্থানরত ভারতীয়দের দেশ ছাড়ার পরামর্শ দেওয়া হচ্ছে।’ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ধারণা, ইরানে অন্তত ১০ হাজার ভারতীয় বসবাস করেন। তাদের বাণিজ্যিক ফ্লাইট ধরে ইরান ছাড়তে বলা হয়েছে।
এক সতর্কবার্তায় ভারতীয় কিংবা ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিদের বিক্ষোভের এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে। পাশাপাশি দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখা এবং স্থানীয় গণমাধ্যমের খবরে নজর রাখারও পরামর্শ দেওয়া হয়েছে।
আগামী বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইসরায়েল সফর করবেন। এর আগে ইরানে বসবাসরত নাগরিকদের উদ্দেশে এমন বার্তা দেওয়া হলো। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, নরেন্দ্র মোদির এই সফর একটি জোট গঠন ও উগ্রপন্থীদের মোকাবিলায় সহায়তা করবে।
নরেন্দ্র মোদি সবশেষ ইসরায়েল সফর করেছিলেন ২০১৭ সালে। পরের বছর ভারত সফর করেন নেতানিয়াহু। রোববার সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ভারতের প্রধানমন্ত্রী বলেন, তেল আবিব সফরে তিনি আলোচনাকে গুরুত্ব দিচ্ছেন। ভারত মধ্যপ্রাচ্যের এই দেশটির সঙ্গে বন্ধুত্বের সম্পর্ককে মূল্যায়ন করে।
ইসরায়েলের সঙ্গে নয়াদিল্লি ধীরে ধীরে প্রতিরক্ষা, কৃষি, প্রযুক্তি ও নিরাপত্তা খাতে পারস্পরিক সহযোগিতা বাড়াচ্ছে। একই সঙ্গে ইরানসহ উপসাগরীয় দেশগুলোর সঙ্গেও সুসম্পর্ক বজায় রাখছে।
