ভােরের বাংলাদেশ”
পবিত্র রমজান মাসে বিশ্বজুড়ে মুসলিমরা সংযম সহকারে রোজা পালন করছে। আফ্রিকা মহাদেশের অন্যতম মুসলিম সংখ্যাগরিষ্ট দেশ নাইজেরিয়া। দেশটিতে রোজার দিনে প্রশাসনিকভাবে বিভিন্ন কড়াকড়ি করা হয়ে থাকে। যথাযত কারণ ছাড়া প্রাপ্তবয়স্করা রোজা না রাখলে শাস্তির মুখোমুখি হতে হয়।
নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কানো রাজ্যে রমজানের প্রথম দিনেই রোজা না রেখে প্রকাশ্যে খাবার খাওয়ার অভিযোগে ৯ জন মুসলিমকে গ্রেফতার করা হয়েছে। গত বুধবার এই ঘটনা ঘটে।
রাজ্যটিতে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা রয়েছে এবং এখানে শরিয়াহ আইন ধর্মনিরপেক্ষ আইনের পাশাপাশি কার্যকর হয়ে থাকে। প্রতি বছর রমজান মাসে ক্যাফে, রেস্তোরাঁ ও বাজারে অভিযান চালানো হয়। মুসলিমরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখছে কিনা তা নিশ্চিত করতে এ অভিযান করা হয়। তবে খ্রিস্টান অধ্যুষিত এলাকায় কিছু প্রতিষ্ঠান খোলা থাকে।
এসব অভিযান পরিচালনা করে থাকে হিসবা। সংস্থাটির ডেপুটি কমান্ডার জেনারেল মুজাহিদ আমিনুদ্দিন বিবিসিকে জানান, গ্রেফতার হওয়া সাত পুরুষ ও দুই নারী রমজান শুরু হয়েছে জানতেন না বলে দাবি করেছেন।
তিনি বলেন, আমরা তাদের আটক করেছি। এখন আমরা তাদের রোজার গুরুত্ব, নামাজ পড়া, কুরআন পাঠ ও ভালো মুসলিম হয়ে ওঠার শিক্ষা দেব।
তাদের কবে মুক্তি দেওয়া হবে তা এখনো স্পষ্ট নয়। অতীতে এ ধরনের ঘটনায় আটকদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে রমজানের বাকি দিনগুলোতে রোজা পালনের বিষয়ে নিশ্চয়তা নেওয়া হয়েছে।
নাইজেরিয়ার উত্তরের ১২টি রাজ্যে প্রায় দুই দশক আগে থেকে শরিয়াহ আইন কার্যকর রয়েছে। হিসবা কর্তৃপক্ষ রমজানে এ ধরনের অভিযান নিয়মিত চালিয়ে থাকে।
