কালিয়াকৈরে গভীর রাতে কলোনি ও তুলার গোডাউনে ভয়াবহ আগুন
মোঃ মনিরুজ্জামান, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি আবাসিক কলোনি ও সংলগ্ন তুলার গোডাউন পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টা ২০ মিনিটে উপজেলার পুরাতন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মাকিষবাথান (টি এন টি) […]
১ মিনিটে পড়ুন |
মোঃ মনিরুজ্জামান, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি আবাসিক কলোনি ও সংলগ্ন তুলার গোডাউন পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টা ২০ মিনিটে উপজেলার পুরাতন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মাকিষবাথান (টি এন টি) এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ কলোনির একটি অংশে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের তুলার গুদামে। আগুনের লেলিহান শিখা দেখে এলাকাবাসী দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর রাত প্রায় ৩টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে ইউনিট পাঠানো হয় এবং আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুনের উৎপত্তি ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে নিশ্চিত করা যাবে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।