ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন আজ (শুক্রবার)। আগামী দুই বছরের জন্য সংগঠনের নেতৃত্ব নির্ধারণে ভোট দিচ্ছেন দেশের চলচ্চিত্র অঙ্গনের শিল্পীরা।
সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত জুমার নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য ভোটগ্রহণ এক ঘণ্টা বন্ধ থাকবে।
এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে দুটি প্যানেলের মধ্যে। একটি প্যানেলে নেতৃত্ব দিচ্ছেন শিবা শানু ও জয় চৌধুরী। অপর প্যানেলে রয়েছেন আরমান ও রুমানা ইসলাম মুক্তি।
নির্বাচনকে সামনে রেখে উভয় পক্ষই নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছে। সম্প্রতি অনুষ্ঠিত প্যানেল পরিচিতি অনুষ্ঠানে দুই প্যানেলের নেতারা নির্বাচিত হলে শিল্পীদের অধিকার, কল্যাণ এবং সংগঠনের উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন।
নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রাঙ্গণে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি র্যাব এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও দায়িত্ব পালন করছেন, যাতে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন প্রযোজক খোরশেদ আলম খসরু। নির্বাচন কমিশনের সদস্য হিসেবে রয়েছেন কামাল মো. কিবরিয়া লিপু ও বি এইচ নিশা।
ভোট শেষে কোনো অভিযোগ বা বিরোধ দেখা দিলে তা নিষ্পত্তির জন্য আপিল বোর্ডে দায়িত্ব পালন করবেন চলচ্চিত্র ব্যক্তিত্ব ছটকু আহমেদ, কাজী হায়াৎ ও বাদল খন্দকার।
শিল্পী সমিতিচলচ্চিত্র শিল্পী