ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
কালিয়াকৈরে বৈধ লিজের জমি নিয়ে ডিআইজির বিরুদ্ধে অভিযোগ ‘ভিত্তিহীন’ দাবি
মোঃ মনিরুজ্জামান, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চান্দরা মৌজায় সরকারের কাছ থেকে বৈধভাবে লিজ নেওয়া জমি নিয়ে অতিরিক্ত ডিআইজি জাকির হোসেনের বিরুদ্ধে ওঠা জবরদখল ও প্রাণনাশের হুমকির অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর বলে দাবি করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সরকারি ভূমি রেকর্ড, লিজ আদেশ এবং নামজারি খতিয়ান অনুযায়ী, “ক” গেজেটভুক্ত ০.২০ একর সরকারি জমি প্রচলিত আইন ও বিধি অনুসরণ করে লিজ দেওয়া হয়েছে। লিজগ্রহীতা নিয়মিতভাবে সরকারের নির্ধারিত লিজমানি ও রাজস্ব পরিশোধ করে আসছেন। সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তাদের ভাষ্য, প্রয়োজনীয় সব প্রক্রিয়া অনুসরণ করেই লিজটি অনুমোদন দেওয়া হয়েছে।
অন্যদিকে, অভিযোগকারী পক্ষের দাবি, এসএ ২৬৭ দাগ থেকে সৃষ্ট ৫২০ দাগের ২.৬০ শতাংশ উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত ব্যক্তিমালিকানাধীন জমিকেও লিজের অন্তর্ভুক্ত বলে দাবি করা হচ্ছে। এ ঘটনাকে কেন্দ্র করে অতিরিক্ত ডিআইজি জাকির হোসেনের মামাতো ভাই কালিয়াকৈর থানায় ভাঙচুর, লুটপাট ও চাঁদাবাজির অভিযোগে একটি লিখিত আবেদন করেছেন।
এ বিষয়ে অতিরিক্ত ডিআইজি জাকির হোসেন বলেন, “আমি সরকারের কাছ থেকে বৈধভাবে জমি লিজ নিয়ে সেখানে মার্কেট নির্মাণ করেছি এবং নিয়মিত লিজমানি পরিশোধ করছি। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং আমার সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা।”
স্থানীয় ব্যবসায়ীরা বিষয়টির নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
আইনজীবী মোঃ ইউনুস বলেন, সরকারি লিজকৃত জমি লিজগ্রহীতা আইনানুগভাবে ব্যবহার করতে পারেন। তবে সরকারি লিজের বাইরে ব্যক্তিমালিকানাধীন জমি নিয়ে কোনো মালিকানা বিরোধ থাকলে তার নিষ্পত্তি দেওয়ানি আদালতের মাধ্যমেই হতে হবে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, “একই ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের লিখিত আবেদন পেয়েছি। যেহেতু বিষয়টি নিয়ে দেওয়ানি মামলা চলমান, তাই উভয় পক্ষকে আদালতের মাধ্যমে আইনি প্রতিকার নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে অনুরোধ করা হয়েছে।”