গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি: মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে ধারণ করে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় অনুষ্ঠিত হয়েছে উপজেলা পর্যায়ের ‘Startup, Science Project and Innovation Idea Showcasing Program’। বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তোলা, উদ্ভাবনী চিন্তার বিকাশ এবং তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রস্তুত করার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচি শিক্ষার্থীদের সৃজনশীলতা ও মেধা বিকাশের এক […]
গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:
মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে ধারণ করে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় অনুষ্ঠিত হয়েছে উপজেলা পর্যায়ের ‘Startup, Science Project and Innovation Idea Showcasing Program’। বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তোলা, উদ্ভাবনী চিন্তার বিকাশ এবং তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রস্তুত করার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচি শিক্ষার্থীদের সৃজনশীলতা ও মেধা বিকাশের এক অনন্য মিলনমেলায় পরিণত হয়।
শুক্রবার সকাল ১০টায় গজারিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতা ও প্রদর্শনীতে উপজেলার ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত দল অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিজ্ঞান প্রকল্প, প্রযুক্তিনির্ভর সমাধান, স্টার্টআপ পরিকল্পনা এবং বাস্তবমুখী ইনোভেশন আইডিয়া উপস্থাপন করে উপস্থিত অতিথি, বিচারক ও দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।
অনুষ্ঠানের আয়োজন করে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS), সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (SEDP) এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মো. কামরুজ্জামান। সভাপতিত্ব করেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফছা নাদিয়া।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. হামিদা মুস্তফা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন, উপজেলা প্রকৌশলী সামিউল আরেফিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ফজলুর করিম, গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাসান আলী, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী।
বক্তারা বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের এই যুগে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক শিক্ষা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। শিক্ষার্থীদের মাঝে গবেষণামুখী চিন্তা, সমস্যা সমাধানের দক্ষতা এবং উদ্যোক্তা মানসিকতা গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা বলেন, আজকের এই খুদে উদ্ভাবকরাই আগামী দিনের প্রযুক্তিনির্ভর ও স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবে।
প্রতিযোগিতায় প্রদর্শিত বিভিন্ন প্রকল্পে পরিবেশ সুরক্ষা, কৃষি উন্নয়ন, প্রযুক্তিনির্ভর সেবা, জ্বালানি সাশ্রয় এবং সামাজিক সমস্যা সমাধানের নতুন নতুন ধারণা উঠে আসে, যা উপস্থিত সবার প্রশংসা কুড়ায়।
দিনব্যাপী মূল্যায়ন শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ফলাফলে প্রথম স্থান অর্জন করে টেংগারচর রাজিয়া কাদের আদর্শ উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় স্থান লাভ করে বাউশিয়া মোহাম্মদ আব্দুল আজহার উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় স্থান অর্জন করে ইসমানিরচর উচ্চ বিদ্যালয়।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিকে বিকশিত করার মাধ্যমে একটি জ্ঞানভিত্তিক, প্রযুক্তিনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।