নিজস্ব প্রতিবেদক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস বলেছেন, বর্তমান সরকার একটি নির্বাচিত সরকার। অযথা স্লোগান বা অপপ্রচার চালিয়ে সরকারকে বিব্রত করার চেষ্টা না করার আহ্বান জানান তিনি।
মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবন মিলনায়তনে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি স্থানে দেখলাম সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে মাঠে নেমেছেন। কার বিরুদ্ধে স্লোগান দেন? এই সরকার তো জনগণের ভোটে নির্বাচিত সরকার। এটাকে কেউ যেন রাতের অন্ধকারে ভোটের সরকার মনে না করেন।”
তিনি বলেন, দাবিদাওয়া থাকলে তা জানানোর জন্য দেশে একটি সুশৃঙ্খল পদ্ধতি রয়েছে। সেই পদ্ধতির মধ্য দিয়েই দাবি জানানো উচিত। “দয়া করে দেশের এই পরিস্থিতিতে সরকারকে বিব্রত করার চেষ্টা করবেন না,” যোগ করেন তিনি।
কিছু গোষ্ঠী ক্ষমতায় যাওয়ার লোভে দেশকে অস্থিতিশীল করতে চায় উল্লেখ করে তিনি বলেন, “রমজান মাসে অন্তত কেউ যেন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না করেন। রোজা রেখে মিথ্যা কথা বলা, অপপ্রচার চালানো বা গালিগালাজ করা থেকে বিরত থাকতে হবে।”
নিজের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, “আমার রাজনৈতিক ক্যারিয়ার এক বছরের নয়, বহুদিনের। অনেকের জন্মও তখন হয়নি। তাই মিথ্যা অপবাদ দিয়ে কারও ক্যারিয়ার ধ্বংসের চেষ্টা না করে নিজেদের রাজনৈতিক ক্যারিয়ার সত্য ও সততার মাধ্যমে গড়ে তুলতে হবে।”
সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও উল্লেখ করেন তিনি। মির্জা আব্বাস বলেন, “সরকার ক্ষমতায় আসার অল্প সময়ের মধ্যেই ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হয়েছে। সামনে কৃষক কার্ডসহ আরও অনেক উদ্যোগ নেওয়া হবে। অথচ কিছু মানুষ এমনভাবে সমালোচনা করছে যেন সরকার বহু বছর ধরে ক্ষমতায় আছে।”
মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহরিয়ার নাঈমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এহসানুল মাহবুব জুবায়ের, নুরুল হক নুর, সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক নিরপেক্ষ’র যুগ্ম সম্পাদক মুহাম্মদ আতাউল্লাহ খান, পরিবেশবিদ বাপ্পী সরদার, বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, সংগঠনের সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুহাম্মদ হোসাইন ও আবু জাফর। ইফতার কমিটির আহ্বায়ক শফিউর রহমান শফিক ও সদস্য সচিব হাফিজুর রহমানের তত্ত্বাবধানে আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
