মাগুরা প্রতিনিধি।। মাগুরায় ফ্যাসিবাদ ও দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রতিবাদ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ হাসানুজ্জামান হাসুর নেতৃত্বে অনুষ্ঠিত এ মিছিলে জেলার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। গতকাল সোমবার সন্ধ্যায় মাগুরা জেলা স্টেডিয়াম গেট থেকে মিছিলটি শুরু হয়ে ভাইনা, চৌরঙ্গীমোড়, নতুন বাজার ও ঢাকা রোড প্রদক্ষিণ […]
মাগুরা প্রতিনিধি।।
মাগুরায় ফ্যাসিবাদ ও দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রতিবাদ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ হাসানুজ্জামান হাসুর নেতৃত্বে অনুষ্ঠিত এ মিছিলে জেলার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
গতকাল সোমবার সন্ধ্যায় মাগুরা জেলা স্টেডিয়াম গেট থেকে মিছিলটি শুরু হয়ে ভাইনা, চৌরঙ্গীমোড়, নতুন বাজার ও ঢাকা রোড প্রদক্ষিণ করে পুনরায় স্টেডিয়াম গেটে এসে শেষ হয়। মিছিল চলাকালে নেতাকর্মীরা দেশবিরোধী ষড়যন্ত্র ও ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন স্লোগান দেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মোঃ হাসানুজ্জামান হাসু বলেন, “আমরা ১৭ বছর রাজপথে সংগ্রাম করেছি। আমাদের অসংখ্য নেতাকর্মী কারাবরণ করেছেন, নির্যাতনের শিকার হয়েছেন, মামলা-হামলার শিকার হয়েছেন। অনেক ত্যাগ, কষ্ট আর রক্তের বিনিময়ে আমরা আজকের এই অবস্থানে এসেছি। তাই দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের অধিকার নিয়ে কেউ ষড়যন্ত্র করলে তাদের বিরুদ্ধে রাজপথেই কঠোর জবাব দেওয়া হবে।”
তিনি আরও বলেন, “আমরা কখনো অন্যায়ের কাছে মাথা নত করিনি। জেল-জুলুম, হামলা-মামলা আমাদের আন্দোলন থামাতে পারেনি। যারা আজও দেশ ও জাতির বিরুদ্ধে অপতৎপরতা চালাতে চায়, তাদের উদ্দেশ্যে স্পষ্ট ভাষায় বলতে চাই—ষড়যন্ত্র বন্ধ করুন, অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে সরাসরি প্রতিরোধ গড়ে তোলা হবে।”
হাসু নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে এবং জনগণের অধিকার রক্ষায় সবাইকে সতর্ক ও সোচ্চার থাকতে হবে।”
মিছিলে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক এহসানুল হক পলাশ, এম ফেরদৌস রেজা, সদস্য সচিব জেলা জাসাস,মোঃ গোলাম জাহিদ, আহ্বায়ক জেলা স্বেচ্ছাসেবক দল, আব্দুর রহিম, সদস্য সচিব জেলা স্বেচ্ছাসেবক দল,মোঃ রেজওয়ান কবির, যুগ্ম-আহ্বায়ক, জেলার স্বেচ্ছাসেবক দল, মোঃ তুহিন বিশ্বাস, যুগ্ম-আহ্বায়ক জেলা স্বেচ্ছাসেবক দল,মোঃ আশরাফুজ্জামান শামীম, সাবেক আহ্বায়ক জেলা স্বেচ্ছাসেবক দল,কাজী তন্ময়, জেলা যুবদল সদস্যসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বলেন, দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র ও অপতৎপরতার বিরুদ্ধে তারা সবসময় রাজপথে সোচ্চার থাকবেন এবং জনগণের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলন অব্যাহত রাখবেন।