ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
নিজস্ব প্রতিবেদক:
ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ মঙ্গলবার (৩০ জুন ২০২৬) সকাল ৯টায় সাভার উপজেলার প্রস্তাবিত সমন্বিত উপজেলা ভূমি কমপ্লেক্স নির্মাণস্থল পরিদর্শন করেন। ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ভূমি মন্ত্রণালয়ের মালিকানাধীন জমিতে এ কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
পরিদর্শনকালে সিনিয়র সচিব জানান, সমন্বিত উপজেলা ভূমি কমপ্লেক্স নির্মাণ প্রকল্পটি ইতোমধ্যে একনেক সভায় অনুমোদন পেয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে উপজেলা ভূমি অফিস ও উপজেলা সেটেলমেন্ট অফিস একই ভবনে স্থানান্তর করা সম্ভব হবে। ফলে ভূমি জরিপ, নামজারি (মিউটেশন) এবং অন্যান্য ভূমিসেবা জনগণ এক ছাতার নিচে সহজেই গ্রহণ করতে পারবেন।
পরে তিনি সাভার উপজেলা ভূমি অফিস ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি কর্মকর্তাদের যথাসময়ে কর্মস্থলে উপস্থিত দেখতে পান এবং অফিসের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। সহকারী কমিশনার (ভূমি) জানান, ভূমি উন্নয়ন কর আদায় কার্যক্রম চলমান রয়েছে এবং সাধারণ দাবির ১০০ শতাংশ আদায় সম্পন্ন হয়েছে। এ সময় সিনিয়র সচিব জনগণকে কোনো ধরনের হয়রানি ছাড়াই দ্রুত ও যথাযথভাবে মিউটেশনসহ সব ধরনের ভূমিসেবা নিশ্চিত করার নির্দেশনা দেন।
পরিদর্শনের একপর্যায়ে তিনি ভূমি মন্ত্রণালয়ের চলমান হোল্ডিং ও খতিয়ান ডেটা এন্ট্রি এবং খতিয়ান ও হোল্ডিংয়ের ভুল সংশোধন কার্যক্রম পর্যালোচনা করেন। তিনি জানান, ভূমিসেবা ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করতে ইউএনডিপি বাংলাদেশের সহযোগিতায় শতভাগ হোল্ডিং ও খতিয়ান ডেটা এন্ট্রি এবং ভুল সংশোধনের কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে আটটি জেলায় পাইলট কার্যক্রম সম্পন্ন হয়েছে। বর্তমানে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলায় এ কার্যক্রম চলমান রয়েছে। পর্যায়ক্রমে সারা দেশে এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে। তিনি ডেটা এন্ট্রি ও সংশোধন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বলেন, এটি সম্পন্ন হলে ভূমিসেবা ব্যবস্থা আরও সহজ, জনবান্ধব ও স্বয়ংক্রিয় হবে।
এদিকে সকাল সাড়ে ১০টায় সিনিয়র সচিব আমিনবাজার উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। সেখানে তিনি অফিসের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। সহকারী কমিশনার (ভূমি) জানান, ভূমি উন্নয়ন কর আদায়ের সাধারণ দাবির ৮৮ শতাংশ ইতোমধ্যে আদায় হয়েছে। এ সময় সিনিয়র সচিব শতভাগ ভূমি উন্নয়ন কর আদায় নিশ্চিত করার নির্দেশনা দেন। পাশাপাশি জনগণকে হয়রানিমুক্তভাবে মিউটেশনসহ সব ধরনের ভূমিসেবা প্রদান নিশ্চিত করারও নির্দেশ দেন।