ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
মোঃ মনিরুজ্জামান, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈরে ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে আকাশ ওরফে ‘পিচ্চি আকাশ’ (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কালিয়াকৈরের হরতকিতলা এলাকার একটি জঙ্গল থেকে ডাকাতিতে ব্যবহৃত বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুর জেলার পুলিশ সুপারের নির্দেশনায় কালিয়াকৈর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলামের নেতৃত্বে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলামের চৌকস পুলিশ টিমের সদস্য এসআই জাহাঙ্গীর আলমের তথ্য সংগ্রহের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ময়মনসিংহের জামালপুর এলাকা থেকে পিচ্চি আকাশকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে কালিয়াকৈর থানাধীন হরতকিতলা এলাকার একটি জঙ্গলে অভিযান চালানো হয়। সেখানে লুকিয়ে রাখা একটি বাজারের ব্যাগের ভেতর থেকে দেশীয় অস্ত্রগুলো উদ্ধার করে পুলিশ।
পুলিশের এজাহার সূত্রে জানা যায়, উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে তিনটি লোহার হাসুয়া, একটি লোহার চাপাতি, একটি কাঠের গোল লাঠি ও একটি লোহার পাইপ। অস্ত্রগুলো জঙ্গলের মধ্যে পলিথিনে মোড়ানো অবস্থায় রাখা হয়েছিল বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
উদ্ধার হওয়া একটি হাসুয়ার দৈর্ঘ্য প্রায় ১৮ দশমিক ৫ ইঞ্চি এবং বাটসহ ২৬ দশমিক ৫ ইঞ্চি। অপর একটি লোহার অস্ত্র বাটসহ প্রায় ২৩ ইঞ্চি। এছাড়া চাপাতির দৈর্ঘ্য প্রায় ৯ ইঞ্চি, কাঠের বাট প্রায় ৫ ইঞ্চি, কাঠের গোল লাঠি প্রায় ২৩ ইঞ্চি এবং লোহার পাইপটির দৈর্ঘ্য প্রায় ২৪ ইঞ্চি বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের দাবি, পিচ্চি আকাশের বিরুদ্ধে দস্যুতা, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। তিনি কালিয়াকৈরের বিভিন্ন মিল-ফ্যাক্টরিতে চাঁদা দাবি করতেন এবং বিভিন্ন এলাকায় ডাকাতিসহ নানা অপকর্মে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
এছাড়া কালিয়াকৈর উপজেলার বিভিন্ন বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে হামলা চালানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। কালিয়াকৈর থানায় দায়ের করা ডাকাতি ও ছিনতাই মামলার দুই নম্বর আসামি হিসেবেও তার নাম রয়েছে। এসব মামলায় গ্রেপ্তার এড়াতে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
এদিকে জামালপুরের একটি মামলার এজাহারভুক্ত আসামি হিসেবেও পিচ্চি আকাশ পলাতক ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, “এই পিচ্চি আকাশ কালিয়াকৈরের বিভিন্ন মানুষের আতঙ্ক ছিল। বিভিন্ন মিল-ফ্যাক্টরিতে চাঁদা দাবি ও বিভিন্ন জায়গায় ডাকাতিসহ নানা অপকর্ম করত সে। তাকে গ্রেপ্তার করার পর কালিয়াকৈরে স্বস্তি ফিরে এসেছে।”
তিনি আরও বলেন, “প্রশাসনের কাছে আমাদের দাবি, এ ধরনের অপরাধীরা যেন সহজে জামিন না পায়। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”
পুলিশ জানায়, পিচ্চি আকাশকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা অস্ত্রগুলো জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে থাকা অন্যান্য মামলার বিষয়েও তথ্য যাচাই করা হচ্ছে।
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, পিচ্চি আকাশের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না এবং উদ্ধার হওয়া অস্ত্রগুলো অতীতে কোনো অপরাধে ব্যবহৃত হয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।