গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর পৌর শহরে প্রকাশ্য দিবালোকে রড দিয়ে পিটিয়ে বেলাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে। নিহত বেলাল হোসেন পৌরসভার সূতি পূর্বপাড়া গ্রামের চাঁন মিয়ার ছেলে। পেশায় তিনি রডমিস্ত্রি ছিলেন। তবে দীর্ঘদিন ধরে উপজেলার সুন্দর গ্রামে তাঁর শ্বশুরবাড়িতে বসবাস করতেন। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেল ৪টার দিকে পৌর শহরের কালীমন্দির […]
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর পৌর শহরে প্রকাশ্য দিবালোকে রড দিয়ে পিটিয়ে বেলাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে।
নিহত বেলাল হোসেন পৌরসভার সূতি পূর্বপাড়া গ্রামের চাঁন মিয়ার ছেলে। পেশায় তিনি রডমিস্ত্রি ছিলেন। তবে দীর্ঘদিন ধরে উপজেলার সুন্দর গ্রামে তাঁর শ্বশুরবাড়িতে বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেল ৪টার দিকে পৌর শহরের কালীমন্দির সড়কের জলধারা আবাসিক এলাকা-সংলগ্ন স্থানে বেলাল হোসেনকে একা পেয়ে উত্তর গোপালপুর মহল্লার জিসান নামে এক যুবক তাঁর ওপর হামলা চালান।
এ সময় রড দিয়ে আঘাত করলে বেলাল গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যান।
সেখানে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।
ঘটনার পর এলাকাবাসী অভিযুক্ত জিসানকে আটক করে গণপিটুনি দেয়। পরে পুলিশ তাঁকে হেফাজতে নিয়ে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠায়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে হামলার পেছনের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় গোপালপুর থানা-য় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।