ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
নিজস্ব সংবাদদাতা,গোয়াইনঘাট:
জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে সিলেটে দিনব্যাপী রাজনৈতিক কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা আওয়ামী লীগের রাজনীতি, দেশের রাজনৈতিক সংস্কৃতি, বিএনপির ভূমিকা, পাথর কোয়ারি, সড়ক অবকাঠামো, স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক ইস্যুতে বক্তব্য দিয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাটে পৃথক পথসভায় দলের উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম এবং মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী এসব বক্তব্য দেন। সংবাদ লেখা পর্যন্ত কেন্দ্রীয় নেতাদের জৈন্তাপুর উপজেলা পথসভায় অংশ নেওয়ার কর্মসূচি চলমান ছিল।
বিকেলে কোম্পানীগঞ্জে জুলাই পদযাত্রা শেষে আয়োজিত পথসভায় সারজিস আলম বলেন, আওয়ামী লীগের রাজনীতির পোস্টমর্টেম হবে। যদি কেউ আওয়ামী লীগের মতো স্বৈরাচার হতে চায়, আমরা তাদেরও স্বৈরাচার হতে দেব না।
তিনি বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থান দেশের মানুষের মধ্যে স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিরোধের চেতনা সৃষ্টি করেছে। ভবিষ্যতে কোনো দল বা ব্যক্তি ক্ষমতায় গিয়ে জনগণের অধিকার খর্ব করতে চাইলে জনগণ তার বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তুলবে।
এর আগে দুপুরে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী হবিগঞ্জে এনসিপির নেতাদের বিরুদ্ধে দায়ের হওয়া মামার প্রসঙ্গ টেনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা করেন। তার ভাষ্য, দেশের রাজনৈতিক সংস্কৃতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে এবং রাজনীতিতে সহনশীলতার পরিবর্তে সংঘাতমুখী পরিবেশ তৈরি হচ্ছে।
পাটোয়ারী আরও অভিযোগ করেন, দেশের রাজনীতিতে সন্ত্রাস, মাদক, টেন্ডার নিয়ন্ত্রণ ও প্রভাব বিস্তারের সংস্কৃতি বিস্তার লাভ করেছে। বক্তব্যে তিনি বিএনপির কয়েকজন নেতার নাম উল্লেখ করে তাদের কর্মকাণ্ডের সমালোচনা করেন এবং দাবি করেন, এসব কারণে দেশে ভীতি ও অস্থিরতার পরিবেশ সৃষ্টি হয়েছে। তিনি ইতালীয় মাফিয়া চক্রের উদাহরণ টেনে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
রাত ৮টায় গোয়াইনঘাট উপজেলা এনসিপির আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত পথসভায় নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, সিলেটের চার উপজেলার অর্থনীতি দীর্ঘদিন ধরে পাথর কোয়ারিনির্ভর হলেও বছরের পর বছর কোয়ারি বন্ধ থাকায় হাজারো শ্রমিক ও ব্যবসায়ী জীবিকা সংকটে পড়েছেন। তিনি অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় কোয়ারি বন্ধ করে মানুষের জীবন-জীবিকা ক্ষতিগ্রস্ত করা হয়েছে এবং সরকার পরিবর্তনের পর দ্রুত সমাধানের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার বাস্তবায়নও হয়নি।
তিনি বলেন, ঢাকা-সিলেট মহাসড়কসহ সিলেট অঞ্চলের অধিকাংশ সড়কের বেহাল অবস্থা দীর্ঘদিনের অবহেলার ফল। জনগণের কাছ থেকে বিপুল রাজস্ব আদায় করা হলেও উন্নয়নের ক্ষেত্রে সিলেট বারবার বঞ্চিত হয়েছে বলে তিনি অভিযোগ করেন। দ্রুত সড়ক সংস্কার, পাথর কোয়ারি চালু এবং কর্মসংস্থান সৃষ্টির দাবি জানান তিনি।
গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন নাসির উদ্দিন পাটোয়ারী। তিনি বলেন, হাসপাতালে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী না থাকায় সাধারণ মানুষ কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা পাচ্ছেন না। অবিলম্বে জনবল নিয়োগ ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নের দাবি জানান তিনি।
স্থানীয় রাজনৈতিক নেতৃত্বের সমালোচনা করে তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে মানুষের মৌলিক সমস্যার কার্যকর সমাধান হয়নি। রাজনৈতিক নেতাদের জনসংযোগ ও শো-ডাউনের পরিবর্তে জনগণের পাশে দাঁড়িয়ে বাস্তবসম্মত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
বক্তব্যে তিনি আরও বলেন, যারা সত্য কথা বলতে ভয় পায়, তারা ক্ষমতায় টিকে থাকতে পারে না, রাজনীতিতেও টিকে থাকতে পারে না। তিনি আরও দাবি করেন, অতীতের বিভিন্ন ঘটনার বিচার নিয়ে জনগণের প্রত্যাশা পূরণ না হলে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মাধ্যমে তা আদায়ের চেষ্টা করা হবে।
সভায় তিনি তরুণদের বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার আহ্বান জানান এবং আসন্ন নির্বাচনকে সামনে রেখে জনগণের সমর্থন আদায়ে মাঠপর্যায়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
এনসিপির জুলাই পদযাত্রাকে ঘিরে কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। তিন উপজেলাতেই দলের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক সমর্থক কর্মসূচিতে অংশ নেন। সংবাদ লেখা পর্যন্ত জৈন্তাপুর উপজেলা পথসভা চলমান রয়েছে।