ঢাকা,:স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বলেছেন, আমাদের জনগণের প্রতি যে কমিটমেন্ট তা রক্ষা করবো। সরকার জনগণের
প্রতি দায়বদ্ধ, মূল লক্ষ জনগণের সেবা করা। সকলের সহযোগিতায় বিদ্যমান সমস্যাগুলো
নির্মূল করা হবে। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে স্থানীয় সরকার
প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী ও দুর্নীতিমুক্ত করা হবে।
আজ বুধবার সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের
সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং
মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদীসহ উর্ব্ধতন কর্মকর্তাগণ এসময়
উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, ‘আমরা একটি বড় লক্ষ্য নিয়ে দায়িত্ব নিয়েছি। আমাদের প্রধানমন্ত্রীর
সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে এবং সেই পরিকল্পনা বাস্তবায়নেই মন্ত্রিসভা কাজ
করছে। আমাদের প্রতিটি কাজের মূলে থাকবে গণতন্ত্র।’
জেলা পরিষদ, উপজেলা ও পৌরসভার বর্তমান শূন্যতা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন,
‘স্থানীয় সরকারের অনেক পদ বর্তমানে ফাঁকা রয়েছে। আমরা যত দ্রুত সম্ভব নির্বাচনী
ব্যবস্থার মাধ্যমে এই শূন্যতা পূরণ করার চেষ্টা করব। এটি রাতারাতি সম্ভব নয়, তবে
ইমিডিয়েটলি (অবিলম্বে) আমরা প্রক্রিয়ায় যাব।’
তিনি আরো বলেন,বিভিন্ন ‘প্রতিষ্ঠানগুলোর দুর্নীতি দূর করা এবং মানুষের সমস্যাগুলো
নিয়ে কাজ করা আমাদের অগ্রাধিকার। আগের সরকারের সময়ের অনিয়মগুলো আমরা
খতিয়ে দেখব এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সামষ্টিক
অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরতে শুরু করেছে, ব্যাংকিং খাত নিয়ন্ত্রণে আসছে। পরিস্থিতি
যতটা খারাপ বলা হচ্ছে, বাস্তবে সরকার তা সফলভাবে কাটিয়ে উঠছে।’
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের আইশৃঙ্খলা পরিস্থিতি, অর্থনীতি যতটা
খারাপ ভাবা হচ্ছে ততটা না। এছাড়া মব কালচারও থাকবে না,আইনশৃঙ্খলা বাহিনী তাদের
আস্থার যায়গা তৈরী করতে সক্ষম হচ্ছে। সর্বপরি আমাদের ওপর প্রধানমন্ত্রীর
অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করে যাবো। সব কিছুর ঊর্ধ্বে উঠে দলমত নির্বিশেষে
সবার সহযোগিতা প্রয়োজন। দেশের উন্নয়নে জনগণের অংশগ্রহণ অপরিহার্য।
