ভোরের বাংলাদেশ প্রতিবেদক : রাজধানীর ডেমরা (মাতুয়াইল) ভূমি অফিসে সাংবাদিক পরিচয়ে কিছু ব্যক্তির উপস্থিতি, সেবাগ্রহীতাদের হয়রানি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শ্যামপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অভিযোগ সূত্রে জানা যায়, গত ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সকাল ১১টা ৩৪ মিনিটে কয়েকজন ব্যক্তি […]
ভোরের বাংলাদেশ প্রতিবেদক : রাজধানীর ডেমরা (মাতুয়াইল) ভূমি অফিসে সাংবাদিক পরিচয়ে কিছু ব্যক্তির উপস্থিতি, সেবাগ্রহীতাদের হয়রানি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শ্যামপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সকাল ১১টা ৩৪ মিনিটে কয়েকজন ব্যক্তি নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে ক্যামেরা ও মাইক্রোফোনসহ ডেমরা (মাতুয়াইল) ভূমি অফিসে প্রবেশ করেন। সেখানে তারা সেবা নিতে আসা সাধারণ মানুষকে দালাল আখ্যা দিয়ে বিভিন্নভাবে হয়রানি ও উসকানিমূলক বক্তব্য দিতে থাকেন। এতে অফিসের স্বাভাবিক কর্মপরিবেশ বিঘ্নিত হয় এবং নাগরিক সেবা কার্যক্রমে ব্যাঘাত ঘটে।
অফিস সূত্র জানায়, ওই সময় উপস্থিত সেবাগ্রহীতারা আতঙ্কগ্রস্ত হয়ে অনেকেই সেবা না নিয়েই ফিরে যান। অভিযোগ রয়েছে, ওই ব্যক্তিরা সেবাগ্রহীতাদের ভয়ভীতি দেখিয়ে অফিসের বিরুদ্ধে বিরূপ মন্তব্য আদায়ের চেষ্টা করেন, তবে এতে তারা ব্যর্থ হন। ঘটনার সিসিটিভি ফুটেজ সংরক্ষিত রয়েছে বলেও জানানো হয়েছে।
অভিযোগে উল্লেখ করা হয়, ২২ ও ২৪ ফেব্রুয়ারি তারিখে আবারও কয়েকজন ব্যক্তি ক্যামেরা ও মাইক্রোফোন নিয়ে অফিসে উপস্থিত হন। তাদের মধ্যে
মোঃ তোফায়েল হোসেন (টুটুল) – স্টাফ রিপোর্টার, বিজয় টিভি
মোঃ ইদ্রিসুর রহমান হৃদয় – সিটি ক্যামেরা পার্সন, আনন্দ টিভি
মোঃ মনির হোসেন – সিটি রিপোর্টার, আনন্দ টিভি
এছাড়া অন্য কয়েকজন ব্যক্তি বিভিন্ন গণমাধ্যমের নাম ব্যবহার করে ফোনে যোগাযোগ করেন। অভিযোগ রয়েছে, তারা নিজেদের বিভিন্ন টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমের প্রতিনিধি দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যম এবং মোবাইল ফোনের মাধ্যমে অনৈতিক দাবি-দাওয়া ও ভয়ভীতি প্রদর্শন করেন। এমনকি দুদক ও সাংবাদিক পরিচয়ে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
ডেমরা (মাতুয়াইল) ভূমি অফিসের সহকারী কর্মকর্তা আসাদুজ্জামান জানান, গত ২০ থেকে ২৫ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত বিভিন্ন সময় অজ্ঞাত নম্বর থেকে তার ব্যক্তিগত মোবাইলে ফোন ও হোয়াটসঅ্যাপ কল করে হুমকি ও অনৈতিক দাবি করা হয়। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ভবিষ্যৎ নিরাপত্তার স্বার্থে ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে শ্যামপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি নং–১১৭৫) করা হয়েছে।
তিনি আরও জানান, অভিযুক্তদের কাছে অফিসে অনুসন্ধান বা সংবাদ সংগ্রহের কোনো অ্যাসাইনমেন্ট বা অনুমতিপত্র আছে কিনা জানতে চাওয়া হলেও তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।
এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভূমি অফিসের কর্মকর্তারা।