শ্রমিকের অধিকার, ন্যায্য মজুরি ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রামের প্রতীক আন্তর্জাতিক শ্রমিক দিবস—পহেলা মে। ১৮৮৬ সালের শিকাগোতে শ্রমঘণ্টা নির্ধারণ ও ন্যায্য অধিকার আদায়ের দাবিতে শ্রমিকদের আত্মত্যাগের স্মৃতিকে ধারণ করে দিনটি বিশ্বজুড়ে পালিত হয়। বাংলাদেশেও দিনটি সরকারি ছুটি হিসেবে পালিত হওয়ার কথা। অথচ সেই শ্রমিক দিবসেই গাজীপুরের কালিয়াকৈরের একটি শিল্পকারখানায় শ্রমিকদের দিয়ে উৎপাদন কার্যক্রম চালানোর […]
শ্রমিকের অধিকার, ন্যায্য মজুরি ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রামের প্রতীক আন্তর্জাতিক শ্রমিক দিবস—পহেলা মে। ১৮৮৬ সালের শিকাগোতে শ্রমঘণ্টা নির্ধারণ ও ন্যায্য অধিকার আদায়ের দাবিতে শ্রমিকদের আত্মত্যাগের স্মৃতিকে ধারণ করে দিনটি বিশ্বজুড়ে পালিত হয়। বাংলাদেশেও দিনটি সরকারি ছুটি হিসেবে পালিত হওয়ার কথা। অথচ সেই শ্রমিক দিবসেই গাজীপুরের কালিয়াকৈরের একটি শিল্পকারখানায় শ্রমিকদের দিয়ে উৎপাদন কার্যক্রম চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় শ্রমিকদের মধ্যে তৈরি হয়েছে চাপা ক্ষোভ, হতাশা ও অসন্তোষ।
অভিযোগ উঠেছে, কালিয়াকৈর উপজেলার এস.এ. স্পিনিং মিলস লিমিটেড (ইউনিট-২) নামের একটি কারখানায় শুক্রবার (১ মে) সরকারি ছুটির দিনেও শ্রমিকদের কাজে নিয়োজিত রাখা হয়। কারখানার উদ্বোধনী ফলকে দেখা যায়, ২০১৯ সালের ১২ নভেম্বর শামসুল আলামিন গ্রুপের চেয়ারম্যান জাহাঙ্গীর আলামিন প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন।
ঘটনার তথ্য সংগ্রহে সাংবাদিকরা কারখানায় গেলে প্রথমে শ্রমিকদের সঙ্গে কথা বলানোর আশ্বাস দিয়ে ভেতরে নিয়ে যান কারখানার অ্যাডমিন কর্মকর্তা ফজলুর রহমান এবং সিবিএ সাধারণ সম্পাদক মো. চান মিয়া। তবে পরে শ্রমিকদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ না দিয়ে সাংবাদিকদের কারখানা থেকে বের করে দেওয়া হয়। এতে বিষয়টি নিয়ে আরও প্রশ্নের সৃষ্টি হয়।
এদিকে কারখানার নিরাপত্তাকর্মীদের গোপনে ধারণ করা ভিডিওতে দেখা যায়, তারা স্বীকার করছেন যে মে দিবসেও কারখানায় শ্রমিকরা কাজ করছেন। এছাড়া কারখানার বাইরে শ্রমিকদের কাজ করা এবং কারখানা থেকে পণ্যবাহী যানবাহন বের হওয়ার দৃশ্যও প্রত্যক্ষ করা গেছে।
কারখানা কর্তৃপক্ষ ও সিবিএ নেতারা দাবি করেছেন, শ্রমিকদের কাউকে জোরপূর্বক কাজে আনা হয়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শ্রমিক ভিন্ন অভিযোগ তুলেছেন। তাদের দাবি, কাজে অনুপস্থিত থাকলে বেতন কেটে দেওয়া কিংবা চাকরি হারানোর আশঙ্কার কথা বলে তাদের কাজে আসতে বাধ্য করা হয়েছে।
এক শ্রমিক ক্ষোভ প্রকাশ করে বলেন, “মে দিবস তো আমাদের অধিকার আর মর্যাদার প্রতীক। কিন্তু সেই দিনেই ভয় আর অনিশ্চয়তার মধ্যে কাজ করতে হচ্ছে। এটা আমাদের জন্য কষ্টের।”
কারখানার অ্যাডমিন কর্মকর্তা ফজলুর রহমান বলেন,
“এই কারখানায় প্রায় ৩৬০ জন শ্রমিক তিন শিফটে কাজ করেন। ঈদ উপলক্ষে অতিরিক্ত একদিন ছুটি সমন্বয়ের জন্য আজ উৎপাদন কার্যক্রম চালানো হচ্ছে। বর্তমানে এই শিফটের কাজ চলছে, এই মুহূর্তে ১২০ জন শ্রমিক কাজ করছে। শ্রমিকদের সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
সিবিএ সাধারণ সম্পাদক মো. চান মিয়া বলেন,
“শ্রমিকদের সম্মতিতেই কাজ চলছে, কাউকে বাধ্য করা হয়নি।”
কালিয়াকৈর পৌর শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সভাপতি এ কে আজাদ বলেন, “মে দিবস কেবল একটি দিন নয়, এটি শ্রমিক অধিকারের ইতিহাস ও আত্মত্যাগের প্রতীক। এ দিনে কোনো প্রতিষ্ঠান চালু রাখতে হলে শ্রম আইন অনুযায়ী যথাযথ নিয়ম, শ্রমিকদের স্বাধীন সম্মতি এবং প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি। অন্যথায় তা শ্রম আইনের চেতনার পরিপন্থী।”
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, আমি বিষয়টি আগে জানি বা দেখি তারপর তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায় দেখতেছি। তারপর আমি তাদের কথা শুনে যারা কাউন্সিলে আছে এবং উপরে আমি যেখানে জানানো দরকার জানাবো। যেহেতু এই বিষয়টি ভ্রাম্যমান আদালতের অন্তর্ভুক্ত নয় যার কারণে আমি এখন তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারছি না। তবে প্রয়োজনীয় ব্যবস্থা হবে আমি উপরে জানাচ্ছি বিষয়টি।
যে মে দিবস শ্রমিকের অধিকার আদায়ের সংগ্রামী ইতিহাস বহন করে, সেই দিনেই শ্রমিকদের দিয়ে উৎপাদন চালানো কতটা ন্যায়সঙ্গত—এ প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে কালিয়াকৈরের শ্রমিক সমাজে। সচেতন মহল মনে করছে, বিষয়টি দ্রুত তদন্ত করে শ্রমিক অধিকার রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ||||||
| ২ | ৩ | ৪ | ৫ | ৭ | ৮ | |
| ৯ | ১০ | ১১ | ১ | ১৩ | ৪ | ১৫ |
| ১৬ | ১ | ৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
| ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ | ৯ |
| ৩০ | ৩১ | |||||