গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করা এবং ব্যবসা-বাণিজ্যের আধুনিকায়নের লক্ষ্যে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর বাজারে ২ কোটি ৩৫ লাখ টাকার ব্যয়ে নির্মিত একটি আধুনিক মার্কেট ভবনের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ সরকারের অর্থায়নে বাস্তবায়িত ‘দেশব্যাপী গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত)’-এর আওতায় নির্মিত এই দৃষ্টিনন্দন ভবনের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী […]
গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করা এবং ব্যবসা-বাণিজ্যের আধুনিকায়নের লক্ষ্যে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর বাজারে ২ কোটি ৩৫ লাখ টাকার ব্যয়ে নির্মিত একটি আধুনিক মার্কেট ভবনের উদ্বোধন করা হয়েছে।
বাংলাদেশ সরকারের অর্থায়নে বাস্তবায়িত ‘দেশব্যাপী গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত)’-এর আওতায় নির্মিত এই দৃষ্টিনন্দন ভবনের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২০ জুন) সকাল সাড়ে ১১টায় ভবেরচর গ্রামীণ বাজার প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি মার্কেট ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর তত্ত্বাবধানে প্রায় ২ কোটি ৩৫ লাখ ৮৬ হাজার ৪৮০ টাকা ব্যয়ে নির্মিত আধুনিক এই মার্কেট ভবনের কাজ শুরু হয় ২০২৪ সালের ১ জুলাই। প্রকল্পটি বাস্তবায়ন করে স্বপ্না কনস্ট্রাকশন লিমিটেড।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “গজারিয়ার মানুষের দীর্ঘদিনের উন্নয়ন প্রত্যাশা পূরণে সরকার আন্তরিকভাবে কাজ করছে। একটি আধুনিক মার্কেট ভবন ও গুরুত্বপূর্ণ সড়কের উদ্বোধন শেষে আমরা ফুলদী নদীর তীর পরিদর্শন করেছি। ইনশাআল্লাহ, ভবিষ্যতে এই নদীর ওপর একটি সেতু নির্মাণ করা হবে। ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রকৌশল বিভাগের কর্মকর্তারা স্থানটি পরিদর্শন করেছেন।”
তিনি আরও বলেন, “গ্রামীণ বাজারগুলোকে আধুনিক ও পরিকল্পিতভাবে গড়ে তোলা হলে স্থানীয় ব্যবসা-বাণিজ্য সম্প্রসারিত হবে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং গ্রামীণ অর্থনীতির ভিত্তি আরও শক্তিশালী হবে।”
এলজিইডি সূত্রে জানা যায়, বহুতল এই মার্কেট ভবনের নিচতলায় আধুনিক কাঁচাবাজার এবং দ্বিতীয় তলায় মুদি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান স্থাপন করা হবে। উন্নত বিশ্বের বাজার ব্যবস্থাপনার আদলে নির্মিত এই মার্কেটে ক্রেতারা একই ছাদের নিচে প্রয়োজনীয় পণ্য ক্রয়ের সুবিধা পাবেন। নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নারী ব্যবসায়ীদের জন্যও পৃথক দোকানের ব্যবস্থা রাখা হয়েছে।
এ ছাড়া পরিবেশবান্ধব সোলার প্যানেল, আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, নিরাপদ পানি সরবরাহ এবং উন্নত নাগরিক সুবিধা নিশ্চিত করার মাধ্যমে বাজারটিকে একটি আধুনিক ও টেকসই বাণিজ্যিক কেন্দ্রে রূপ দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইমরান আহম্মেদ, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়া, জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. রবিউল ইসলাম, প্রকল্প পরিচালক প্রকৌশলী মাহবুব আলম, উপজেলা প্রকৌশলী সামিউল আরেফিন, গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাসান আলীসহ প্রশাসন, এলজিইডি এবং স্থানীয় গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
স্থানীয় ব্যবসায়ী ও বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, আধুনিক এই মার্কেট ভবন চালুর ফলে ভবেরচর বাজারে ব্যবসা-বাণিজ্যের নতুন দিগন্ত উন্মোচিত হবে। একই সঙ্গে বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা বৃদ্ধি, সেবার মানোন্নয়ন এবং স্থানীয় অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ প্রকল্প।