ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ স্কাউটস, ঢাকা জেলা রোভারের উদ্যোগে দিনব্যাপী এক বর্ণাঢ্য ‘ডে ক্যাম্প’ সফলভাবে সম্পন্ন হয়েছে। সার্বিক কার্যক্রমে অংশ নেওয়া রোভার দলগুলোর জন্য পুরো প্রাঙ্গণজুড়ে তৈরি করা হয় নজরকাড়া ছোট ছোট তাবু।
দিনের শুরুতে সকাল ৭টায় বিভিন্ন রোভার দলের রেজিস্ট্রেশন ও প্রাতরাশ গ্রহণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরবর্তীতে অংশগ্রহণকারী রোভার দলগুলোকে চারটি পৃথক ভিলেজে বিভক্ত করা হয়। সকালের নাস্তা শেষে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে ডে ক্যাম্পের উদ্বোধন করা হয়।
ঢাকা জেলা রোভারের সভাপতি লুৎফুননেসা শিরীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ড. এ.কে.এম. মাসুদ, প্রফেসর মো: নজরুল ইসলাম এবং ক্যাম্প চিফ মু. ওমর আলী, এলটি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ঢাকা জেলা রোভারের সম্পাদক ড. মো: আক্কাস আলী।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে দিনব্যাপী স্কাউটিং বিষয়ক বিভিন্ন দক্ষতাভিত্তিক (Skill-based) কার্যক্রম পরিচালিত হয়। রোভাররা উদ্দীপনার সাথে এসব সেশনে অংশ নেন।
বিকেলে বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী তাঁবু জলসার (Campfire) মধ্য দিয়ে দিনব্যাপী এই ক্যাম্পের সমাপ্তি ঘটে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস-এর প্রধান জাতীয় কমিশনার ও মুখ্য সচিব জনাব এবিএম আব্দুস সাত্তার ও প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসাবে উপস্থিত ছিলেন উপ-প্রধান জাতীয় কমিশনার মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। তিনি রোভারদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং স্কাউটিং চর্চাকে দৈনন্দিন জীবনে প্রয়োগ করার আহ্বান জানান।