ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
মাগুরা প্রতিনিধি:
মাগুরা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দোয়ারপাড় এলাকায় স্বেচ্ছাসেবকদলের কর্মী নাহিদের বাড়িতে হামলা, ছুরিকাঘাত, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত ১০ জুলাই রাত আনুমানিক পৌনে ৯টার দিকে মেহেদী হাসান (জিহাদ), শাওন শিকদার, হাসেমসহ কয়েকজন ব্যক্তি সংঘবদ্ধভাবে নাহিদের বাড়িতে প্রবেশ করে। অভিযোগ অনুযায়ী, তারা ঘরের ভেতরে ঢুকে নাহিদের ওপর ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।
পরিবারের সদস্যরা জানান, হামলাকারীরা বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় এবং বাধা দিতে গেলে পরিবারের নারী সদস্যদের সঙ্গেও অসদাচরণ করে। এ সময় বাড়ি থেকে প্রায় তিন ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ২ লাখ ৫০ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা হলে অভিযুক্তরা দ্রুত এলাকা ত্যাগ করে। পরে গুরুতর আহত অবস্থায় নাহিদকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালে চিকিৎসাধীন নাহিদ বলেন, “আমি রাতে বাসায় অবস্থান করছিলাম। হঠাৎ কয়েকজন লোক আমার বাড়িতে এসে রুমে ঢুকে আমাকে এলোপাতাড়ি মারধর ও ছুরিকাঘাত করে। আমার পরিবারের সদস্যদেরও ভয়ভীতি দেখানো হয় এবং বাড়িতে ভাঙচুর চালানো হয়।”
স্থানীয় বাসিন্দারা জানান, নাহিদ একজন শান্ত, নম্র ও ভদ্র স্বভাবের মানুষ হিসেবে এলাকায় পরিচিত। তার ওপর এমন হামলার ঘটনায় তারা উদ্বেগ প্রকাশ করেছেন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। এলাকাবাসীর প্রত্যাশা, আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনবে।