ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
দেওয়ান সামান উদ্দিন।
গাজীপুর ও সাভারের সীমান্তবর্তী বাড়ইপাড়া এলাকায় অবস্থিত নন্দন পার্ক রক্ষায় স্থায়ী ও পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন নন্দন পার্কের কর্মকর্তা-কর্মচারীরা।শনিবার সকালে নন্দন পার্কের প্রধান ফটকের সামনে আয়োজিত এ মানববন্ধনে পার্কের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বাড়ইপাড়া এলাকায় পর্যাপ্ত ও পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি এবং আশপাশের বিভিন্ন শিল্পকারখানার দূষিত বর্জ্যপানি দীর্ঘদিন ধরে নন্দন পার্কে প্রবেশ করছে। এতে পার্কে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে, যা পার্কের প্রাকৃতিক পরিবেশ, সৌন্দর্য, জীববৈচিত্র্য এবং বিভিন্ন অবকাঠামোর জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।
বক্তারা আরও অভিযোগ করেন, পূর্ব চন্দ্রা ও উলুসারা গ্রামের বাসিন্দারা বন বিভাগের জমির ওপর দিয়ে ভেকু ব্যবহার করে একটি ড্রেন কেটে দিয়েছেন। এর ফলে বৃষ্টির পানি সরাসরি নন্দন পার্কের ভেতরে প্রবেশ করছে এবং জলাবদ্ধতা আরও তীব্র আকার ধারণ করছে।
তারা বলেন, দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে নন্দন পার্কের পরিবেশগত ভারসাম্য, নান্দনিক সৌন্দর্য ও অবকাঠামোর অপূরণীয় ক্ষতি হতে পারে। তাই পার্কে বাইরের পানি প্রবেশ সম্পূর্ণরূপে বন্ধ করা, অবৈধভাবে কাটা ড্রেন অপসারণ এবং একটি টেকসই ও আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।