ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
ডি এম সামান উদ্দিন কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি ।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজে সরকারি ও বেসরকারিভাবে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সকালে কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও শিক্ষা উপকরণ হিসেবে ব্যাগ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মো. শহিদুল ইসলাম।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. হাবিবুর রহমান বলেন, “বৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের মেধার স্বাক্ষর রেখেছে। তাদের এই সাফল্যকে উৎসাহিত করতেই আমাদের এই আয়োজন।”
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মজিবুর রহমান বলেন, “মেধাবী শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ। তাদের যথাযথ পরিচর্যা ও উৎসাহ প্রদান করতে হবে। সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে কৃতিত্বের পরিচয় দিয়ে আসছে। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে সাফল্যের সঙ্গে নিজেদের প্রতিষ্ঠিত করছে।”
অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংবর্ধনা শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া ও শুভকামনা জানানো হয়।
### ডি এম সামান উদ্দিন কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি ।